
সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে টেকুয়ার পাড়া গ্রামের ১৫টি বাড়িতে রক্তাক্ত চিরকুট দেয়ার ঘটনায় পাহাড়ারত গ্রামবাসীদের মাঝে টর্চ ও বাঁশি প্রদান করেছেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম শানতু।
গতকাল রোববার রাত আনুমানিক দশটায় উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর টেকুয়ার পাড়া গ্রামে তিনি উপস্থিত হয়ে এই টর্চ ও বাঁশি প্রদান করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মোঃ হাফিজুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
উল্লেখ্য, গত কয়েকদিনে টেকুয়ার পাড়া গ্রামের খামারিদের বাড়িতে রাতে দরজা খোলা রাখার নির্দেশ দিয়ে চিঠি পাঠায় রঘু ডাকাত। দরজা খোলা না রাখা হলে হত্যা করার হুমকিও প্রদান করা হয়। এরই মধ্যে বেশ কয়েকটি বাড়ির সদস্যদের অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এই খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। পরে খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। একই দিন রাতেই সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম শানতু গ্রামটি পরিদর্শন করে আতঙ্কিত গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন।
টেকুয়ার পাড়া গ্রামের জনসাধারণ শাহজাদপুর থানা পুলিশ ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের নেয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন। তারা বর্তমানে স্বস্তিতে রয়েছেন বলেও জানান।
পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতু বলেন, চিরকুটের একটি ঘটনা এলাকাবাসীর মাঝে আতঙ্কের সৃষ্টি করেছে। আমরা এই গ্রাম সহ সিরাজগঞ্জ জেলার প্রতিটি গ্রামে জনসাধারণ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করেছি।
টেকুয়ার পাড়া গ্রামে যাতায়াতের পথ গুলোতে চেকপোস্ট বসানো হয়েছে এবং জেলার বিভিন্ন সড়ক মহাসড়কে পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে। আমরা আশা করছি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। এছাড়াও জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দাদের বাঁশি ও টর্চ লাইট প্রদানের ধারাবাহিকতায় এই গ্রামের জনসাধারণের মাঝে বাঁশি ও টর্চ লাইট প্রদান করা হলো।