
সেলিম তালুকদার,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে র্যাব-১২ এর মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৩৮ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার করেছে।
র্যাব ১২ জানিয়েছে, গতকাল রোববার (১১ মে) রাত ৮.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের রূপপুর নতুনপাড়া এলাকায় ডিএডি মোহাম্মদ শফিকামাল এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স এসআই সাব্বির আরাফাত জনি, সার্জেন্ট মোঃ খোরশেদ আলম, ল্যান্স নায়েক জিয়াউর রহমান, ও সিপাহী মোঃ রাশেদুল হক এর একটি টিম অভিযান পরিচালনা করে ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার সহ রুপপুর নতুন পাড়ার মৃত হাজী শুকুর আলীর ছেলে মোঃ আকছেদ আলীকে (৫২) গ্রেফতার করে । উদ্ধার হওয়া ফেনসিডিল ও আসামিকে ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযুক্ত আকছেদ আলী কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে দেশের উত্তরবঙ্গের বিভিন্ন বর্ডার এলাকা থেকে ফেনসিডিল এনে শাহজাদপুরের বিভিন্ন জায়গায় সুকৌশলে বিক্রয় ও সরবরাহ করে আসছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, র্যাবের অভিযানে উদ্ধার হওয়া ১৩৮ বোতল ফেনসিডিল আইনি প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আসামিকে শাহজাদপুর আমলি আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।