
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।
১ মিনিট ৫৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি ঘরের মধ্যে একজন তাকে ইয়াবা সেবনে সহযোগিতা করছেন। আমির হোসেন সবুজ বাঁ হাতে সিগারেট ও ডান হাতে একটি পাইপসদৃশ বস্তু দিয়ে ইয়াবা সেবন করছেন।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ বলেন, ২৩ বছর কারাভোগ করার পর ৫ বছর আগে জেলখানা থেকে বের হয়েছি। ৫ আগস্ট আন্দোলন সংগ্রাম করেছি।
তিনি বলেন, ভিডিওটা গত দুই সপ্তাহ আগের এবং ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সেটা আমিই ছিলাম। এখন এর চেয়ে বেশি বলতে পারব না, আমাকে আর কোনো প্রশ্ন করবেন না। তবে আগামী তিন চার দিনের মধ্যে আমিও চমক নিয়ে আসব বলে ফোন কেটে দেন।
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হাসান হিরু বলেন, আমির হোসেন সবুজ সম্প্রতি ইউএনও অফিসের একটি মিটিংয়ে বক্তব্য দিতে গিয়ে ৫ আগস্টের পর ভেঙে দেওয়া শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের পরিত্যক্ত স্থানে টয়লেট নির্মাণের দাবি করেছিল।
তিনি বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদে প্রার্থী হয়েছেন। এ ছাড়া আরও অনেকে প্রার্থী হয়েছেন। এসব কারণে শত্রুতাবসত কেউ তার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল করেছে। ওই ভিডিওটি সত্য কি না তা যাচাই-বাছাই ছাড়া কিছু বলা যাচ্ছে না।