
মোঃ সোহান সেখ:
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভি ও দৈনিক আমার দেশ-এর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর হস্তক্ষেপ কামনা করেছেন।
শুক্রবার (১২ জুন ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেদনে তিনি অভিযোগ করেন, বিভিন্ন অনুসন্ধানী ও সংবাদ প্রতিবেদন প্রকাশের কারণে তিনি দীর্ঘদিন ধরে হুমকি ও ভয়ভীতির মুখে রয়েছেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, আমি একজন পেশাদার সাংবাদিক। ২০০১ সাল থেকে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছি। আমার বাবা মরহুম আব্দুল মান্নান সরদার তিনিও পেশায় একজন সাংবাদিক ছিলেন। ২০০৫ সালের দৈনিক মানব জমিন, ২০০৬ সালে আরটিভিতে কাজ করেছি। বিভিন্ন সময় দেশের গুরুত্বপূর্ন্য মিডিয়াতে কাজ করার সুযোগ আমার হয়েছে। বর্তমানে আমি দৈনিক আমার দেশ, বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও টাইমস অব বাংলাদেশে কাজ করছি।
সিরাজগঞ্জ পৌর সভার নির্বাচন নিয়ে বিএনপির একাধিক প্রার্থী রয়েছে। সাইদুর রহমান বাচ্চু, নুর কায়েম সবুজ ও মুন্সি জাহেদ আলম বিএনপির প্রার্থী। এছাড়া সিরাজগঞ্জ পৌরসভার সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল সাত্তারও মেয়র প্রার্থী হিসেবে প্রচারনা চালাচ্ছে।
সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল সাত্তারকে নিয়ে প্রকাশিত একাধিক প্রতিবেদনের পর তার সমর্থকরা ক্ষুব্ধ হন। এরপর থেকে বিভিন্ন ফেসবুক আইডি ও ভুয়া আইডি থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
শরীফুল ইসলাম ইন্না বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল সাত্তার, সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানু এবং আলী আশরাফের সমর্থকরা তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন এবং তাকে ভয়ভীতি দেখাচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, শুক্রবার (১২ জুন) সানোয়ার হোসেন সানু ও তার অনুসারীরা ফেসবুকে তাকে নিয়ে বিভিন্ন পোস্ট করেন। এ সময় সানুর ভাই শামীম তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
আবেদনে শরীফুল ইসলাম ইন্না বলেন, তিনি একজন পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হুমকির মুখে পড়ছেন। এ অবস্থায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে তার বা তার পরিবারের কোনো ক্ষতি হলে এর দায় সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানু, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল সাত্তার এবং আলী আশরাফের ওপর বর্তাবে বলে তিনি উল্লেখ করেন।