
মোঃ হোসেন আলী ছোট্ট :
“সত্য ও ন্যায়ে অবিচল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের স্থানীয় গণমাধ্যম অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে যাচ্ছে দৈনিক “আমার শাদ” পত্রিকা। দীর্ঘ প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা শেষে ছাপাখানা ও প্রকাশনা (ডিক্লারেশন ও রেজিস্ট্রেশন) আইন, ১৯৭৩-এর ৭ ধারা অনুযায়ী পত্রিকাটির ঘোষণাপত্র/প্রমাণিকরণ হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ আয়োজনকে ঘিরে সাংবাদিক মহল, সুধীজন ও গণমাধ্যম সংশ্লিষ্টদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকেল ৪টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের নিজ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক “আমার শাদ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফরহাদ হোসেন খানের হাতে আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র তুলে দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিড়নুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক “আমার শাদ” পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম জহুরুল ইসলাম, আব্দুর রহমান বাসেদ, মোঃ হোসেন আলী ছোট্ট, মোঃ অসীম, সংবাদ প্রধান মোঃ দিল, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হোসেন, জিএম শাখার অফিস সহকারী মোঃ আনোয়ার হোসেন, মানবিক সমাজকর্মী ও বৃক্ষপ্রেমী সাদা মনের মানুষ মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক মোঃ শাহ আলমসহ গণমাধ্যম ও প্রশাসনের ব্যক্তিবর্গ।
ঘোষণাপত্র হস্তান্তর শেষে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, একটি গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো জাতির সামনে তুলে ধরা সম্ভব। তিনি বলেন, “দৈনিক আমার শাদ” পত্রিকাটি সত্য ও সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। সংবাদ পরিবেশনে নীতি, নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয় উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, স্বাস্থ্য, সামাজিক সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হলে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়। একটি দায়িত্বশীল সংবাদপত্র কেবল সংবাদ প্রকাশই করে না, বরং সমাজ পরিবর্তন ও সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দৈনিক “আমার শাদ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফরহাদ হোসেন খান বলেন, এই পত্রিকাটি হবে সাধারণ মানুষের কণ্ঠস্বর। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতাকে ধারণ করে সিরাজগঞ্জসহ দেশের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হবে। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপসাংবাদিকতা ও গুজবের ভিড়ে সত্য সংবাদ তুলে ধরতে হলে দায়িত্বশীল গণমাধ্যমের বিকল্প নেই। দৈনিক “আমার শাদ” সেই দায়িত্বশীলতার জায়গা থেকে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা নতুন এই পত্রিকার সফলতা কামনা করেন এবং সিরাজগঞ্জের গণমাধ্যম অঙ্গনে একটি ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।