
মোঃ হোসেন আলী ছোট্র :
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে বর্তমান বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবহিত করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২:মে ২০২৬) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় এবং জেলা তথ্য অফিসের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়সহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
সংবাদ সম্মেলনে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘ ১৮ বছরের ভোটাধিকারহীনতা, রাষ্ট্রীয় নিপীড়ন, বিচারহীনতা ও ভয়ভীতির রাজনীতির অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হয়। এ আন্দোলনে হাজারো শহীদের আত্মত্যাগের মাধ্যমে বৈষম্যহীন, মেধাভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ পায়।
তিনি আরও জানান, সেই লক্ষ্য বাস্তবায়নে বর্তমান বিএনপি সরকার ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ৫টি অধ্যায়ে ৫১ দফা পরিকল্পনা ঘোষণা করেছে। এসব পরিকল্পনার মূল লক্ষ্য হলো কল্যাণমুখী রাষ্ট্র গঠন, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করা এবং আগামী পাঁচ বছরে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা। ইতোমধ্যে সরকার এসব লক্ষ্য বাস্তবায়নে কার্যক্রম শুরু করেছে।
ইশতেহারের উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ।
তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবায় নতুন নিয়োগ এবং “নতুন কুঁড়ি স্পোর্টস” কার্যক্রমও শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দিতে জেলা তথ্য অফিস বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদেরও সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এ সময় জেলা সদরের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।