সলঙ্গা প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন যাত্রী।
মঙ্গলবার (২৬ মে ২০২৬) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সলঙ্গা এলাকায় র্যাব-১২ কার্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন নিহত হন। দুর্ঘটনায় আরও একজন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন।






