
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটানোর ঘটনায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামের রাজনীতিতে সক্রিয় এই নেতার বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, বিগত দেড় যুগ ধরে বিএনপির দুঃসময়ে মামলা-হামলা, গ্রেফতার, নির্যাতন ও রাজনৈতিক চাপের মধ্যেও সাইদুর রহমান বাচ্চু রাজপথে থেকে দলকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলের নেতাকর্মীদের পাশে থেকে তিনি সাহস ও প্রেরণা জুগিয়েছেন বলেও দাবি করেন তারা। বিশেষ করে কঠিন সময়ে সাংগঠনিক কার্যক্রম সচল রাখা, আন্দোলন কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া এবং ত্যাগী নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর কারণে তিনি জেলা বিএনপির রাজনীতিতে একজন পরীক্ষিত ও জনপ্রিয় সংগঠক হিসেবে পরিচিতি পেয়েছেন।

এ বিষয়ে সাইদুর রহমান বাচ্চু বলেন,“আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের জন্য কাজ করে যাচ্ছি। দুর্দিনে নেতাকর্মীদের নিয়ে রাজপথে ছিলাম, এখনও আছি। রাজনৈতিকভাবে আমাকে মোকাবিলা করতে না পেরে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু মিথ্যা ও ষড়যন্ত্র দিয়ে জনগণের ভালোবাসা থেকে কাউকে বিচ্ছিন্ন করা যায় না।”

তিনি আরও বলেন,“সিরাজগঞ্জের মানুষ সচেতন। তারা সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারে। যারা আজ অপপ্রচার করছে, জনগণই একদিন তাদের উপযুক্ত জবাব দেবে। আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই একটি পক্ষ পরিকল্পিতভাবে এসব কুৎসা রটাচ্ছে।”
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানান, সাইদুর রহমান বাচ্চু শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি দলের ত্যাগী ও নির্যাতিত কর্মীদের একজন অভিভাবক। আন্দোলন-সংগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। রাজপথের লড়াই থেকে শুরু করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি—সব ক্ষেত্রেই তার সক্রিয় ভূমিকা রয়েছে বলে দাবি করেন তারা।

তৃণমূল নেতাকর্মীদের মতে, আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার শুরু করেছে। বিশেষ করে মেয়র প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ তাদের।
নেতাকর্মীরা বলেন,“সাইদুর রহমান বাচ্চু গণমানুষের নেতা। সাধারণ মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় পাশে থাকেন। একজন জনপ্রিয় নেতাকে রাজনৈতিকভাবে দুর্বল করতেই এসব অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু জনগণ সব বোঝে। অপপ্রচার চালিয়ে তার জনপ্রিয়তা কমানো যাবে না।”

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিএনপি সমর্থকরা সাইদুর রহমান বাচ্চুর পক্ষে বিভিন্ন পোস্ট, স্ট্যাটাস ও মন্তব্যের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। তারা দাবি করেন, একজন ত্যাগী নেতার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা চালানো হচ্ছে। তবে শেষ পর্যন্ত সত্যই প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় রাজনীতিতে জনপ্রিয় ও প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এখন একটি সাধারণ কৌশলে পরিণত হয়েছে। তবে জনগণের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, রাজনৈতিক ত্যাগ ও মাঠ পর্যায়ের গ্রহণযোগ্যতাই শেষ পর্যন্ত একজন নেতার অবস্থান নির্ধারণ করে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, সাইদুর রহমান বাচ্চুর বিরুদ্ধে চলমান অপপ্রচার মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মিথ্যা তথ্য ও কুৎসা রটিয়ে কাউকে হেয় করার সংস্কৃতি গণতান্ত্রিক রাজনীতির জন্য শুভ নয়।