
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদকঃ
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সিরাজগঞ্জবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামিম খান।
বুধবার (২৭ মে ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদ-উল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, মহানুভবতা, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের স্মৃতিকে ধারণ করেই মুসলমানরা প্রতি বছর এই পবিত্র ঈদ উদযাপন করে থাকে। ঈদ আমাদের শিক্ষা দেয় আত্মত্যাগের মাধ্যমে মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করার।”
তিনি বলেন, বর্তমান সময়ে সমাজে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি। ঈদুল আযহার প্রকৃত শিক্ষা তখনই বাস্তবায়িত হবে, যখন সমাজের ধনী-গরিব, সুবিধাভোগী-বঞ্চিত সকল মানুষ ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করে নিতে পারবে।
ভিপি শামিম খান আরও বলেন, “কোরবানির মূল উদ্দেশ্য শুধু পশু জবাই নয়, বরং নিজের ভেতরের অহংকার, হিংসা, লোভ ও অন্যায় প্রবণতাকে পরিত্যাগ করা। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সততা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
তিনি দেশের চলমান পরিস্থিতিতে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে শান্তি, নিরাপত্তা ও একটি সুন্দর গণতান্ত্রিক সমাজব্যবস্থার প্রত্যাশা করে আসছে। পবিত্র ঈদ-উল আযহার এই মহিমান্বিত দিনে আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি—দেশে শান্তি ও সম্প্রীতি ফিরে আসুক, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক এবং সবাই সুখে-শান্তিতে বসবাস করতে পারুক।”
তিনি আরও বলেন, ঈদ হলো আনন্দের উৎসব, কিন্তু সেই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা সবার সঙ্গে ভাগাভাগি করা যায়। তাই সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তার পরিশেষে ভিপি শামিম খান সিরাজগঞ্জ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সবার সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।