
মোঃ হোসেন আলী ছোট্টঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী সেবামূলক অরাজনৈতিক সংগঠন সেবা মুক্ত স্কাউট গ্রুপ দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত, দুস্থ, অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।
মানবিক কর্মকাণ্ডের এ যাত্রায় নিজস্ব অর্থ ও ব্যক্তিগত প্রচেষ্টায় দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন সাদা মনের মানুষ, সংগঠনটির সভাপতি ও প্রেসিডেন্ট রোভার স্কাউট এম. এম. কামরুল হাসান।
সংগঠনের পক্ষ থেকে পূর্বে সিরাজগঞ্জ পৌর শহরের এসএস রোডে “প্রতিদিন দুপুরের আহার” শিরোনামে অসহায়, দুস্থ ও ভাসমান মানুষের মাঝে রান্না করা উন্নত খাবার বিতরণ করা হয়। একই সঙ্গে পৌর শহরসহ বিভিন্ন উপজেলায় মসজিদ ও মাদ্রাসায় বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন, মোটর প্রদান, বৃক্ষরোপণ, স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিনামূল্যে বৃক্ষ, বই ও স্কুলব্যাগ উপহার দেওয়ার মতো কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি।
এছাড়া আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সহযোগিতায় দরিদ্র ও অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। অধ্যাপক এম. এ. মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতালের সহযোগিতায় ও এ. এম. ফস্টার কেয়ার ইউএসএ’র অর্থায়নে দরিদ্র চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্পও আয়োজন করছে সেবা মুক্ত স্কাউট গ্রুপ।
সংগঠনটির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা, রমজান মাসে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ, শীতকালে গরম কম্বল বিতরণ এবং প্রতিটি ঈদে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়ার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হয়। ২০২০ সালের মহামারি করোনা পরিস্থিতিতে সংগঠনটি অসহায় মানুষের মাঝে সবচেয়ে বেশি খাদ্যসামগ্রী বিতরণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ বিষয়ে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম. এম. কামরুল হাসান বলেন,আমাদের সকলের উচিত অসহায় মানুষের পাশে থাকা এবং তাদের কষ্ট ভাগাভাগি করে দেশের বৃহৎ কল্যাণে কাজ করা। আমি সমাজের বিত্তবানদের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানাই। ভবিষ্যতেও আমরা এ ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আছি, ইনশাআল্লাহ।”