
মো. হোসেন আলী ছোট্ট: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুর থানার রূপনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরিদ্র চক্ষু রোগীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। এছাড়া প্রায় ১৫০ জন ছানি রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য নির্বাচন করা হয় এবং ৩৫০ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

অধ্যাপক এম. এ. মতিন মেমোরিয়াল বিএনএসবি বেস চক্ষু হাসপাতাল, সিরাজগঞ্জের বাস্তবায়নে, এ.এম. ফস্টার কেয়ার, উত্তরার আর্থিক সহযোগিতায় এবং সেবা মুক্ত স্কাউট গ্রুপ, সিরাজগঞ্জের সার্বিক সমন্বয়ে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ও প্রেসিডেন্ট রোভার স্কাউট এম. এম. কামরুল হাসান।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো চোখ। তাই চোখে কোনো সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা গ্রহণ করা উচিত। অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান একটি মহৎ উদ্যোগ। তিনি জানান, সিরাজগঞ্জের ৯টি উপজেলায় এ পর্যন্ত ১০টি বিনামূল্যের চক্ষু ক্যাম্প সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে হাজারো মানুষ উপকৃত হয়েছেন।

তিনি আরও বলেন, এ অঞ্চলের অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। ব্যয়বহুল চোখের চিকিৎসা তাদের পক্ষে সম্ভব হয় না। তাই নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করেই এই বিনামূল্যের চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও জেলার বিভিন্ন উপজেলায় এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার ও সেবা মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট লিডার মাছুম বিল্লাহ মাহি, গ্রুপ সম্পাদক মো. রফিকুল ইসলাম শামীম, (আরএসএল) সহকারী অধ্যাপক মো. আসলাম হোসেন, অধ্যাপক এম. এ. মতিন বিএনএসবি বেস চক্ষু হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার মিজা আহমেদ আলী লিটন, জুনিয়র কনসালট্যান্ট ডা. ফারুক হাসান, অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক মো. হোসেন আলী (ছোট্ট), ইউনিট লিডার মো. হাফিজুর রহমান, সহকারী ইউনিট লিডার মো. পারভেজ সরকার, মো. আশিকুর রহমানসহ রোভার স্কাউট, গার্ল-ইন-রোভার ও স্কাউট সদস্যরা।