
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় হামিদ শেখ গংয়ের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শনিবার (২৭ জুন ২০২৬) সকালে উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নলকা ইউনিয়নের আলমপুর-সরাবাড়ী গ্রামের হামিদ শেখের বিরুদ্ধে ব্যক্তিগত বিরোধের জেরে একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। তারা দাবি করেন, এ মামলার মাধ্যমে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য দেন নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক মাস্টার, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোমিন, নলকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা, ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুর রাজ্জাক মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা মামলাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।