
মোঃ হোসেন আলী ছোট্র :
সিরাজগঞ্জ পৌরসভার রায়পুর কবরস্থানে মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ জুলাই ২০২৬) সকাল ১১টায় রায়পুর ঈদগাহ মাঠে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মো. আব্দুস সাত্তার।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে কবরস্থান পরিচালনা কমিটি ও স্থানীয় বাসিন্দারা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন। এ সময় উপস্থিত জনতার স্লোগানে পুরো ঈদগাহ মাঠ মুখরিত হয়ে ওঠে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তেলাওয়াত করেন জাতীয়তাবাদী ওলামা পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হাফেজ মাওলানা মো. নুরুন্নবী।
রায়পুর কবরস্থান ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির আহ্বায়ক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. আব্দুস সাত্তার বলেন, “আমার বাবা নেই, ভাই নেই। আগে আল্লাহ, পরে আপনারাই আমার ভরসা। আপনাদের দোয়া ও সমর্থনে যদি আল্লাহ আমাকে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে লিখে রাখেন, তাহলে কেউ তা ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, রায়পুর কবরস্থান, ঈদগাহ মাঠ ও রহমানিয়া মাদ্রাসার উন্নয়নে তিনি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন।
আলোচনা সভায় বক্তব্য দেন ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য সচিব মো. তরিকুল ইসলাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মহর আলী, রোকনউদ্দিন, জাহাঙ্গীর আলম জাহিদ, ডা. মো. আনোয়ার হোসেন, মাওলানা আক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্ঘ্য আজিজ স্বপন। আলোচনা শেষে হাজী মো. আব্দুস সাত্তার বেলচা দিয়ে বালি ফেলে কবরস্থানে মাটি ভরাট কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।