
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশায় থাকা এক মা ও তার শিশু ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নিলা খাতুন (২৫) এবং তাদের ছেলে নিয়ামত উল্লাহ (৬)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস হাটিকুমরুল এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী মা ও ছেলে নিহত হন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকা থেকে সেটি জব্দ করা হয়। এ সময় বাসটির চালকের সহকারী শিমুল (২৪)-কে আটক করা হয়েছে। তিনি ময়মনসিংহের কোতোয়ালি উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।