
ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জের সাংবাদিক অঙ্গনের সুপরিচিত, শ্রদ্ধাভাজন ও সাহসী ব্যক্তিত্ব, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার প্রধান সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম সান্টু গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় সিসিইউ তে চিকিৎসাধীন রয়েছেন। হৃদরোগ ও কিডনি জটিলতায় আক্রান্ত এই প্রবীণ সাংবাদিক নেতার অসুস্থতার খবরে জেলায় সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক ভূমিকা রেখে তিনি হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের আস্থার প্রতীক। সাংবাদিকদের কাছে তিনি ছিলেন একজন অভিভাবক, পরামর্শদাতা ও সাহসী নেতৃত্বের প্রতিচ্ছবি। তাঁর আন্তরিকতা, মানবিকতা এবং সহকর্মীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাঁকে বিশেষ সম্মানের আসনে অধিষ্ঠিত করেছে।
বর্তমানে তাঁর অসুস্থতার সংবাদে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনরা হাসপাতালে ছুটে গিয়ে খোঁজখবর নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে আবেগঘন বার্তা প্রকাশ করছেন।
সাংবাদিক নেতা মোঃ জাকিরুল ইসলামের দ্রুত আরোগ্য কামনায় তাঁর পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।