
মোঃ রাকিবুল ইসলাম রাকিব:
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস। নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে গণসংযোগ শুরু করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দিনব্যাপী সদর উপজেলার রতনকান্দি ও বাগবাটি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, কুশল বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সকাল থেকে শুরু হওয়া এই গণসংযোগ কর্মসূচিতে অমর কৃষ্ণ দাস দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দুই ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, বাজার ও গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান। এসময় তিনি স্থানীয় জনগণের খোঁজখবর নেন এবং আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগ চলাকালে বিভিন্ন এলাকায় উৎসুক জনতা অমর কৃষ্ণ দাসকে স্বাগত জানান। অনেকে ফুলেল শুভেচ্ছা ও করমর্দনের মাধ্যমে তাকে অভিনন্দন জানান। সাধারণ মানুষের সাথে হাস্যোজ্জ্বল পরিবেশে কথা বলতে দেখা যায় তাকে। স্থানীয়দের নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন প্রত্যাশার কথাও মনোযোগ দিয়ে শোনেন তিনি।
দিনব্যাপী এই কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জিয়া পরিষদের সভাপতি আবু হাসিম তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর শাকিল এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রতনকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শাহ আলম এবং বাগবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা শামীম। আরও উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
গণসংযোগ চলাকালে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভা ও মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অমর কৃষ্ণ দাস। তিনি বলেন,“আমি এই এলাকারই সন্তান। ছোটবেলা থেকে এই জনপদের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনে সিরাজগঞ্জ সদর উপজেলাকে একটি আধুনিক, উন্নয়নমুখী ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা পেলে ইনশাআল্লাহ সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবো।”
তিনি আরও বলেন,
“দীর্ঘদিন ধরে সদর উপজেলার মানুষ বিভিন্ন নাগরিক সুবিধা ও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও যুব উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক উপজেলা প্রশাসন গঠনই হবে আমার মূল লক্ষ্য।”
এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। রতনকান্দি ও বাগবাটি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। স্থানীয় ভোটারদের অনেকেই জানান, দীর্ঘদিন পর কোনো উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে এভাবে সরাসরি জনগণের মাঝে গিয়ে মতবিনিময় করতে দেখা যাচ্ছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, অমর কৃষ্ণ দাস দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। সাধারণ মানুষের কাছেও তিনি একজন পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত।
দিনব্যাপী গণসংযোগ শেষে বিকেলের দিকে বাগবাটি ইউনিয়নে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত নেতাকর্মীরা অমর কৃষ্ণ দাসের নেতৃত্বে আগামী উপজেলা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বশেষে অমর কৃষ্ণ দাস সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,“মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি বিশ্বাস করি, জনগণই সকল ক্ষমতার উৎস। তাই জনগণকে সাথে নিয়েই আগামীর পথ চলতে চাই।”