
মোঃ হোসেন আলী ছোট্ট :
কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বেকার যুবকদের চাকরির সুযোগ তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার-২০২৬’।
সোমবার (২২ জুন, ২০২৬) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পিকেএসএফ-এর অর্থায়নে ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পের সহযোগিতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), মডার্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এমডিও) এবং মানব মুক্তি সংস্থা (এমএমএস)-এর যৌথ আয়োজনে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

মেলায় জেলার বিভিন্ন বেসরকারি চাকরিদাতা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান এবং চাকরিপ্রত্যাশী যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রঙিন বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান।

সভাপতির বক্তব্যে মো. আলাউদ্দিন খান বলেন, যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং উদ্যোক্তা উন্নয়নের সুযোগ সৃষ্টি অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনে সহায়ক ভূমিকা পালন করে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, বর্তমান সময়ে কর্মসংস্থানের ক্ষেত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে। যুগোপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজকে নিজেদের যোগ্য করে তুলতে হবে। সরকার ও বিভিন্ন উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে কর্মসংস্থান বৃদ্ধির যে প্রচেষ্টা চলছে, তা বেকারত্ব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর রেইজ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো. ফারুক হোসাইন, বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. মাহবুবুল ইসলাম, মানব মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক মো. হাবিব উল্লাহ বাহার এবং মডার্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মাছউদ আহমেদ রোকনী।

অনুষ্ঠানে প্রকল্পের সার্বিক প্রতিবেদন উপস্থাপন করেন এনডিপির ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ। এছাড়াও ৩০টির বেশি চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। কর্মসংস্থানের বাজারে টিকে থাকতে হলে যুবকদের আধুনিক প্রযুক্তি ও চাহিদাভিত্তিক দক্ষতা অর্জনের বিকল্প নেই।

একই সঙ্গে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত তথ্য, প্রশিক্ষণ কার্যক্রম এবং কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরা হয়। চাকরিপ্রত্যাশীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সুযোগ পান।

এ সময় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এনডিপির ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ।
আয়োজকরা জানান, যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী যুবক-যুবতী, উন্নয়নকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।