
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া হাটখোলায় অবস্থিত শিশু খাদ্য, মাঠা ও ঘোল প্রস্তুতকারী প্রতিষ্ঠান আর এস দধি ভান্ডারে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়।
বুধবার (৩ জুন ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই শিশু খাদ্য ‘রোবো’, মাঠা ও দই উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এছাড়াও উৎপাদন ও বিপণন প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়, যা জনস্বাস্থ্য ও ভোক্তাদের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।
এ ধরনের অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আর এস দধি ভান্ডারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে বিএসটিআইসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ, সকল বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে র্যাব, ব্যাটালিয়ন আনসার এবং জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বাস্থ্য ও স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।