
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চিপস ও দই-মিষ্টির কারখানায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ জুন ২০২৬) দুপুর ১২টার দিকে রায়গঞ্জ উপজেলার হাসিল বটতলা এলাকায় অবস্থিত দুটি চিপস কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, চিপস তৈরিতে কৃত্রিম রং এবং খাদ্যদ্রব্যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। এছাড়া উৎপাদন প্রক্রিয়ায় আরও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স ফাতেমা চিপস-এর মালিক মো. লিটন হোসেনকে ৭০ হাজার টাকা এবং মেসার্স নুরনবী চিপস-এর মালিক মো. নুরনবী শেখকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে ক্ষতিকর নিষিদ্ধ রং ও রাসায়নিক ব্যবহার করে চিপস উৎপাদন না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

পরে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার সংলগ্ন মেসার্স জয়া দধি মিষ্টান্ন ভান্ডার-এর কারখানায় পৃথক অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে দই, মিষ্টি ও ঘি উৎপাদন এবং অন্যান্য অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের মালিক শ্রী কৃষ্ণকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। এ সময় উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সদস্য, র্যাব এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।