
মোঃ হোসেন আলী ছোট্ট :
সিরাজগঞ্জে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে টেলিভিশন রিপোর্টার ও ভিডিও জার্নালিস্টদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় পৌর এলাকার ঐতিহ্যবাহী রহমতগঞ্জ সুতাকল মাঠে আয়োজিত এই ম্যাচে টেলিভিশন রিপোর্টার্স একাদশকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করে ভিডিও জার্নালিস্ট একাদশ।

টেলিভিশন ফোরামের সভাপতি ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান।
খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। মাঠজুড়ে চলে আক্রমণ-প্রতিআক্রমণের রোমাঞ্চকর লড়াই। তবে ক্যামেরার পেছনের কারিগর হিসেবে পরিচিত ভিডিও জার্নালিস্টরা এদিন মাঠেও তাদের অসাধারণ নৈপুণ্যের পরিচয় দেন। প্রথম ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে তারা প্রতিপক্ষের জালে তিনবার বল জড়িয়ে দাপুটে জয় নিশ্চিত করেন। অন্যদিকে টেলিভিশন রিপোর্টার্স একাদশ একাধিক গোলের সুযোগ সৃষ্টি করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় গোলশূন্য থেকেই মাঠ ছাড়তে হয়।

অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন রহমতগঞ্জ ইয়াং অ্যাসোসিয়েশনের সাবেক ফুটবলার মো. তিতাস। পুরো ম্যাচজুড়ে প্রাণবন্ত ও রসাত্মক ধারাভাষ্যের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ গৌড়।

এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির সহকারী প্রকৌশলী মশিউর রহমান, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, ক্রীড়া সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
ব্যতিক্রমী এই প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে রহমতগঞ্জ সুতাকল মাঠে স্থানীয় হাজারো মানুষের সমাগম ঘটে। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। খেলা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ী ভিডিও জার্নালিস্ট একাদশ এবং রানার্স-আপ টেলিভিশন রিপোর্টার্স একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

আয়োজকরা জানান, সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।