
মোঃ হোসেন আলী ছোট্র :
‘শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংস্কৃতি চর্চা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী লোকজ সংস্কৃতি উৎসব, গ্রামীণ পণ্য প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় বাউল গানের মনোমুগ্ধকর আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুন ২০২৬) সন্ধ্যা ৭টায় পৌর শহরের বাজার স্টেশন সংলগ্ন মুক্তির সোপানে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক আয়োজনে বাউল শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। অনুষ্ঠানের আয়োজন করে নাট্য নিকেতন গ্রুপ থিয়েটার এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিল নিসা ইভেন্ট ম্যানেজমেন্ট, সিরাজগঞ্জ।

বাউল শিল্পীদের পরিবেশিত আধ্যাত্মিক ও লোকজ গানে উৎসব প্রাঙ্গণে সৃষ্টি হয় এক প্রাণবন্ত পরিবেশ। বিভিন্ন বয়সী দর্শনার্থীরা গান উপভোগ করেন এবং লোকজ সংস্কৃতির প্রতি তাদের আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী দল হিসেবে বাউল শিল্পীগোষ্ঠীর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। বাউল শিল্পীগোষ্ঠীর সভাপতি সঞ্জীব সরকারের হাতে ক্রেস্ট তুলে দেন নিসা ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক রফিকুল ইসলাম এবং নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. হোসেন আলী ছোট্ট।

এ সময় উপস্থিত ছিলেন নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারের সভাপতি সাংবাদিক দিলীপ কুমার গৌড়, বাউল শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, দৈনিক সিরাজগঞ্জ সংবাদের সম্পাদক মো. মাসুদ রেজা, নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. হোসেন আলী ছোট্ট, নিসা ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক রফিকুল ইসলামসহ নাট্য নিকেতনের সদস্যবৃন্দ ও সংস্কৃতিপ্রেমী দর্শকরা।

আয়োজকরা জানান, মাসব্যাপী এ লোকজ সংস্কৃতি উৎসব ও গ্রামীণ পণ্য প্রদর্শনী মেলার মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি, গ্রামীণ শিল্প এবং লোকজ ধারাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পী ও শিল্পীগোষ্ঠীর অংশগ্রহণে নৃত্য, সংগীত, আবৃত্তি ও লোকজ পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে, যা সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণসঞ্চার করেছে।