
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
সিরাজগঞ্জের কাজিপুরে নিজ নির্বাচনী এলাকার জনগনের প্রতি খোলা চিঠি পোস্ট করেছেন বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানা।
মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫খ্রীঃ) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি আবরগঘন পোস্ট দেন। তিনি লেখেন-
আমি মো: নাজমুল হাসান তালুকদার রানা ,আপনাদের উদ্দেশ্যে কিছু মনের কথা বলতে চাই।
প্রিয় ,সিরাজগঞ্জ -১ রতনকান্দি, বাগবাটী, মেছরা, ছোনগাছা ও কাজীপুর উপজেলার সংগ্রামী জনতা, আপনাদের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা।
আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই একজন। আপনাদের মাঝে থেকেই আমি অনুভব করি মেহনতী মানুষের ঘামের গন্ধ, সাধারণ মানুষের চাওয়া-পাওয়া, সুখ-দুঃখের প্রতিচ্ছবি। এই ক্ষুদ্র জীবনে আমার একটাই লক্ষ্য – আপনাদের পাশে থাকা, আপনাদের অধিকার আদায়ে সংগ্রাম করা এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে নিজেকে বিলিয়ে দেওয়া।
শহীদ রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন এমন একটি বাংলাদেশের, যেখানে কৃষক-শ্রমিক-মেহনতী মানুষ তাদের ন্যায্য অধিকার নিয়ে বাঁচবে, যেখানে গণতন্ত্র হবে সুসংহত এবং প্রতিটি নাগরিক পাবে তার প্রাপ্য সম্মান। উনার সেই আদর্শই আমার পথচলার পাথেয়।
সিরাজগঞ্জ সদর আংশিক ও কাজীপুর উপজেলার সকল সাধারণ জনগন,আমি বিশ্বাস করি, আমরা এক'সঙ্গে কাজ করলে আমাদের এই অঞ্চলকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব। যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, যেখানে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং যেখানে প্রতিটি পরিবারে বইবে সুখ ও সমৃদ্ধির সুবাতাস।
আমাদের সমাজে এখনো অনেক সমস্যা বিদ্যমান – দারিদ্র্য, বেকারত্ব, দুর্নীতি, বৈষম্য। এসব সমস্যা রাতারাতি দূর করা সম্ভব নয়, কিন্তু আপনাদের সহযোগিতা ও সমর্থন পেলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা সম্মিলিত প্রচেষ্টায় এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হব।
আমি আপনাদের কাছে কোন অলৌকিক স্বপ্ন দেখাতে আসিনি। আমি আপনাদের কাছে এসেছি আপনাদেরই একজন হয়ে, আপনাদের সুখ-দুঃখের অংশীদার হতে। আমি আপনাদের বলতে চাই, আপনাদের প্রতিটি সমস্যা আমার সমস্যা, আপনাদের প্রতিটি চাওয়া আমার চাওয়া। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই, আপনাদের কণ্ঠস্বর হতে চাই।
আসুন, আমরা সকলে মিলে শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে একটি উন্নত ও সমৃদ্ধ কাজীপুর ও রতনকান্দি, বাগবাটী , মেছরা, ছোনগাছা,গড়ি। একটি এমন সমাজ গড়ি, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে সবাই পাবে সমান সুযোগ এবং যেখানে প্রতিটি মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে।
আপনাদের দোয়া ও সমর্থন আমার পথচলার একমাত্র শক্তি। আমি আপনাদের পাশে আছি, ছিলাম এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।
ধন্যবাদান্তে,-মো: নাজমুল হাসান তালুকদার রানা, সাবেক সভাপতি, সিরাজগঞ্জ জেলা ছাত্রদল,,সাবেক আহবায়ক, কাজীপুর উপজেলা বিএনপি,সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপি। দলীয় মনোনয়ন প্রত্যাশী সংসদীয় আসন-৬২, সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর আংশিক)।