
মো. হোসেন আলী ছোট্ট :
“দুনিয়ার মজদুর, এক হও” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এম. এ. ওয়াহাব। তিনি হরিণ প্রতীকের প্রার্থী ছিলেন।
নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ভোটার তালিকা প্রণয়ন, তথ্য হালনাগাদসহ বিভিন্ন নির্বাচনী কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৩০ জুলাই ২০২৬ সকাল থেকে বিকেল পর্যন্ত অন্যান্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের (অ্যাডহক কমিটি) আহ্বায়ক এম. এ. ওয়াহাব এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচন পরিচালনা কমিটির ঘোষণার আলোকে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকল প্রস্তুতি ধাপে ধাপে সম্পন্ন করা হচ্ছে।
তিনি আরও জানান, শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে এবং সংগঠনের নেতৃত্ব নির্বাচনে সকল সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছে। নিবন্ধিত সদস্যদের তথ্য যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এম. এ. ওয়াহাব বলেন, “শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর করতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক সদস্যকে সময়মতো চাঁদা পরিশোধ, তথ্য হালনাগাদ এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।”
তিনি আরও বলেন, “সকলের সহযোগিতা, সম্প্রীতি ও অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে চাই। শ্রমিকদের ঐক্যই আমাদের শক্তি, আর সেই শক্তিকে আরও সুসংহত করতেই এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”