
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে বনলতা সুইটস এন্ড বেকারিকে ৮০ হাজার টাকা এবং এক নম্বর ফল বিতানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সিরাজগঞ্জ পৌর শহরের বনলতা সুইটস এন্ড বেকারির কারখানা এবং বাজার স্টেশন এলাকার এক নম্বর ফল বিতানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বনলতা সুইটস এন্ড বেকারির উৎপাদন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রমের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বাজার স্টেশন এলাকার এক নম্বর ফল বিতানে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ টমেটো সস ও জেলি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর মো. আব্দুল্লাহ-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে খাদ্যপণ্যের গুণগত মান, উৎপাদন পরিবেশ, স্বাস্থ্যবিধি এবং সংরক্ষণ ব্যবস্থার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শেখ মো. মনজুর আলম। অভিযানে সার্বিক সহযোগিতা করেন পেশকার শফিউল আলম এবং সিরাজগঞ্জ সদর থানা পুলিশের একটি চৌকস দল।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান পরিচালিত হলে খাদ্যপণ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রবণতা অনেকাংশে কমে আসবে, যা জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।