ছাম্মি আহমেদ আজমীর :
পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ ২০২৬) বিকেলে সিরাজগঞ্জ শহরের এস.এস. রোডস্থ ডব্লিউএফ (WF) চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সিরাজগঞ্জ জেলা সমিতির সভাপতি ফকরুল ইসলাম তালুকদার রাকিব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু।
এসময় প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন,পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি,সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের সকল স্তরের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার ক্ষেত্রে এ ধরনের দোয়া ও ইফতার মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন,ঔষধ ব্যবসায়ীরা মানুষের স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই তাদের সততা,দায়িত্বশীলতা এবং জনকল্যাণমূলক মনোভাব নিয়ে কাজ করা অত্যন্ত জরুরি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. মো.রিয়াজুল ইসলাম,ঔষধ তত্ত্বাবধায়ক জেলা কার্যালয়,ঔষধ প্রশাসন সিরাজগঞ্জের মো.মামুনার রশিদ,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল শেখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সহ-সভাপতিসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ,জেলার বিভিন্ন এলাকার ঔষধ ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের শেষে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, রেলওয়ে কওমী মাদ্রাসা ও সিরাজগঞ্জ পৌর এলাকার কালীবাড়ী বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা ক্বারী মাওলানা আমীনুল ইসলাম (নদভী)। এরপর উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।





