
মোঃ রাকিবুল ইসলাম রাকিব:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জে আনন্দঘন পরিবেশে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে।
রোববার (১০ মে ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের কলেজ রোডস্থ ভিপি অমর কৃষ্ণ দাসের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাসের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই নেতাকর্মীরা ইকবাল হাসান মাহমুদ টুকুর রাজনৈতিক জীবন, দলীয় অবদান এবং সিরাজগঞ্জের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। একই সঙ্গে সিরাজগঞ্জের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তিনি গণমানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মীর রহুল আক্তার সোহেল, জিয়া পরিষদের সভাপতি আবু হাসিম তালুকদার, সাধারণ সম্পাদক শেখ কুদরত-ই-এলাহী শিশির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর শাকিল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ বিএনপি ও অঙ্গ- সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা আরও বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি সিরাজগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নেতাকর্মীরা।
পরে কেক কেটে তাঁর ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।