
মোঃ হোসেন আলী ছোট্ট :
“প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন ২০২৬) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। র্যালি শুরুর আগে রঙিন বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তামাক ও নিকোটিনের আসক্তি বর্তমান সময়ের অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। বিশেষ করে তরুণ সমাজকে লক্ষ্য করে বিভিন্ন কৌশলে তামাকজাত পণ্যের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করা হয়। এ ধরনের প্রলোভনের মুখোশ উন্মোচন করে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে তামাকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নূরুল আমীন বলেন, “তামাক সেবনের ফলে ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের জটিলতাসহ অসংখ্য প্রাণঘাতী রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। শুধু ধূমপায়ী নয়, পরোক্ষ ধূমপানের শিকার ব্যক্তিরাও স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। তাই ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ ফারুক আহামেদ। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে তামাক ও নিকোটিন আসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। বক্তারা তামাকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।