
মোঃ হোসেন আলী ছোট্ট :
সিরাজগঞ্জে শিশু খাদ্য, মাঠা ও ঘোল উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বন্ধ করে সিলগালা করা হয়েছে।
সোমবার (৮ জুন ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের কান্দাপাড়া হাটখোলা এলাকায় অবস্থিত ‘উৎসব দধি ভান্ডার’-এ এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটির মালিক মোঃ রাসেল তালুকদার-কে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, অনুমোদনহীন রং, ফ্লেভার ও ঘনচিনি ব্যবহার করে শিশু খাদ্য ‘রোবো’, ‘ড্রিংকো’, ‘হাইস্পিড’, চাটনি, মাঠা ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এসব উপাদান জনস্বাস্থ্য ও মানুষের জীবনের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেন অভিযানের কর্মকর্তারা।
অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে সিলগালা করা হয়। অভিযানে ব্যাটালিয়ন আনসারের সদস্যবৃন্দ এবং জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।