
মোঃ হোসেন আলী ছোট্ট :
‘শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংস্কৃতি চর্চা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারের আয়োজনে চলমান মাসব্যাপী লোকজ সংস্কৃতি উৎসব, গ্রামীণ পণ্য প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে নাট্য চক্র গ্রুপ থিয়েটারের মনোমুগ্ধকর গানের আসর।

সোমবার (৮ জুন ২০২৬) সন্ধ্যা ৭টায় পৌর শহরের বাজার স্টেশন সংলগ্ন মুক্তির সোপান প্রাঙ্গণে আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল ও লোকজ গানের পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। উৎসবের আয়োজন করে নাট্য নিকেতন গ্রুপ থিয়েটার এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিল নিসা ইভেন্ট ম্যানেজমেন্ট, সিরাজগঞ্জ।

নাট্য চক্র গ্রুপ থিয়েটারের শিল্পীদের পরিবেশিত আধ্যাত্মিক ও লোকজ সংগীতে উৎসব প্রাঙ্গণে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ। বিভিন্ন বয়সী দর্শনার্থীরা অনুষ্ঠান উপভোগ করেন এবং লোকজ সংস্কৃতির প্রতি তাদের আগ্রহ ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান।

অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী সাংস্কৃতিক দল হিসেবে নাট্য চক্র গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক ইমরান মুরাদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন নিসা ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক রফিকুল ইসলাম, নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারের সভাপতি সাংবাদিক দিলীপ কুমার গৌড়, সাধারণ সম্পাদক সাংবাদিক মো. হোসেন আলী ছোট্টসহ নাট্য নিকেতনের সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতা।

আয়োজকরা জানান, মাসব্যাপী এ লোকজ সংস্কৃতি উৎসব ও গ্রামীণ পণ্য প্রদর্শনী মেলার মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি, গ্রামীণ শিল্প এবং লোকজ ধারাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পী ও শিল্পীগোষ্ঠীর অংশগ্রহণে নৃত্য, সংগীত, আবৃত্তি ও লোকজ পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে, যা সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে।

সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করার এই আয়োজন স্থানীয় শিল্পী,সংস্কৃতিকর্মী এবং দর্শকদের মিলনমেলায় পরিণত হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থেকে লোকজ সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।