
মোঃ হোসেন আলী ছোট্ট :
"মেধার স্বীকৃতি, শিশুর মনে আত্মবিশ্বাস গড়ে তোলে"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে শাহীন স্কুল শাখার উদ্যোগে এসইএফ (SEF) ফাউন্ডেশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ৯টায় শহরের এসবি ফজলুল হক রোডস্থ শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখার নির্বাহী পরিচালক মো. আব্দুল করিম তালুকদার। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখা পরিচালক মো. নূরুল হক।
শাহীন শিক্ষা পরিবার ও শাহীন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। তিনি এসইএফ ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে গণপতি রায় বলেন, “এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন হয়েছে। আমি বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।” তিনি আরও বলেন, কঠোর নিয়মশৃঙ্খলা, পরিকল্পিত পাঠদান ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই শাহীন শিক্ষা পরিবারের মূল লক্ষ্য। আধুনিক শিক্ষার ধারক ও বাহক হিসেবে প্রতিষ্ঠানটি সারা দেশে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন। তিনি শিক্ষার্থীদের অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শাহীন শিক্ষা পরিবারের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন। শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে।