
মোঃ হোসেন আলী ছোট্ট :
‘বৃক্ষ প্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেসরকারি উন্নয়ন সংস্থা সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক)-এর উদ্যোগে সপ্তাহব্যাপী ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জুন ২০২৬) বিকেল ৫টায় পৌর শহরের মালশাপাড়া পৌর কবরস্থান রোডস্থ সুকের প্রধান কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট শামীমা ইয়াসমিন রীমা। শুরুতে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা।

প্রধান অতিথির বক্তব্যে কানিজ ফাতেমা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, গাছ শুধু পরিবেশ সবুজ রাখে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের ফলে দেশের উপকূলীয় অঞ্চলে যে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তা মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, ফলমূল মানুষের খাদ্য ও পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস। তাই বাড়ির আঙিনা ও পতিত জমি খালি না রেখে সেখানে ফলদ, শাক-সবজি ও অন্যান্য গাছ লাগানোর আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক)-এর কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও নাট্যব্যক্তিত্ব মোমিন বাবু, কোষাধ্যক্ষ নব কুমার সাহা এবং সদস্য মোঃ আব্দুল লতিফ, মোছাঃ মেরিনা খাতুন ও মোছাঃ মীম খাতুন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক) সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আসলাম হোসেন।
অনুষ্ঠানে সংস্থাটির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে সুকের সদস্যদের প্রত্যেককে দুটি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় আরও ফলজ গাছের চারা বিতরণ করা হবে বলে আয়োজকরা জানান।