
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদকঃ
স্কুল-কলেজ পর্যায়ের ছাত্রীদের আত্মরক্ষায় সচেতন, আত্মবিশ্বাসী ও দক্ষ করে তুলতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন মো: সাইফুল ইসলাম সানতু। ছাত্রীদের নিরাপত্তা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধির লক্ষ্যে তিনি ‘মার্শাল আর্ট’ প্রশিক্ষণ কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্স স্কুল ও কলেজ-এ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ উদ্যোগের কথা জানান।

পুলিশ সুপার বলেন, বর্তমান সময়ে নারী ও কন্যা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল পর্যায় থেকেই মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখানো গেলে তারা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে নিজেদের সুরক্ষা করতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, ‘মার্শাল আর্ট’ প্রশিক্ষণ শুধু আত্মরক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ, মানসিক দৃঢ়তা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুলিশ সুপারের সৌজন্যে শিগগিরই সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্স স্কুল ও কলেজ-এর ছাত্রীদের জন্য এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে বলে জানানো হয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, পরিবার থেকেই মেয়ে শিশুদের প্রতি যত্নশীল হতে হবে এবং তাদের চলাফেরা, মানসিক বিকাশ ও নিরাপত্তার বিষয়ে সচেতন থাকতে হবে। সঠিক পরিচর্যা ও পারিবারিক সহায়তা পেলে মেয়েরা সমাজ ও রাষ্ট্র গঠনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।