সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
সিরাজগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলার কৃতি সন্তান ও বিএনপির সাবেক নেতা সাইফুল ইসলাম শাহীন। তিনি উল্লাপাড়া উপজেলার লাহেরী মোহনপুর গ্রামের বাসিন্দা এবং মরহুম নিজাম উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটির নম্বর ৪৬.০৪২.০৩৩.০৩.০০.১৪৭.১১.১১২২। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
সাইফুল ইসলাম শাহীন ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে তিনি উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও দলীয় বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক(১) অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে তাঁর এ নিয়োগকে ইতিবাচকভাবে দেখছেন জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা। স্থানীয় নেতৃবৃন্দের মতে, সাইফুল ইসলাম শাহীনের নেতৃত্বে জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নতুন মাত্রা যোগ হবে।
এদিকে তাঁর নিয়োগের খবরে উল্লাপাড়াসহ জেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাবার্তা প্রকাশ করা হচ্ছে।






