
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, রহমতগঞ্জ গ্রামের মৃত ডাক্তার গোলাম কুদ্দুস খানের পুত্র,সিরাজগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও একাধিকবার নির্বাচিত ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ গোলাম রহিম খান বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শুক্রবার (২২ মে ২০২৬) বেলা ১২ ঘটিকার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ। তিনি জানান, শুক্রবার বাদ আসর রহমতগঞ্জ কবরস্থানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেখানেই দাফন সম্পন্ন করা হবে।
মোঃ গোলাম রহিম খান দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ পৌরসভার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বারবার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন এবং সততা, জনসম্পৃক্ততা ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছিলেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার অবদান সিরাজগঞ্জবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।