
মোঃ হোসেন আলী ছোট্র :
শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংস্কৃতি চর্চা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারের আয়োজনে চলমান মাসব্যাপী লোকজ সংস্কৃতি উৎসব, গ্রামীণ পণ্য প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ বাউল সংসদের মনোমুগ্ধকর গানের আসর।

বৃহস্পতিবার (১০ জুন ২০২৬) বিকেল সাড়ে ৫টায় পৌর শহরের বাজার স্টেশন সংলগ্ন মুক্তির সোপান প্রাঙ্গণে আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে সিরাজগঞ্জ বাউল সংসদের শিল্পীদের পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। উৎসবটির আয়োজন করেছে নাট্য নিকেতন গ্রুপ থিয়েটার এবং সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে নিসা ইভেন্ট ম্যানেজমেন্ট, সিরাজগঞ্জ।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ বাউল সংসদের শিল্পীরা আধ্যাত্মিক ও লোকজ সংগীত পরিবেশন করেন। তাদের সুরেলা পরিবেশনায় উৎসব প্রাঙ্গণে সৃষ্টি হয় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ। বিভিন্ন বয়সী দর্শনার্থীরা অনুষ্ঠান উপভোগ করেন এবং লোকজ সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসা ও আগ্রহের প্রকাশ ঘটান।
অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী সাংস্কৃতিক দল হিসেবে সিরাজগঞ্জ বাউল সংসদের প্রধান পরিচালক এ্যাড: মাহবুবে খোদা টুটুলকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ।

এ সময় উপস্থিত ছিলেন নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারের সভাপতি সাংবাদিক দিলীপ কুমার গৌড়, সাধারণ সম্পাদক সাংবাদিক মো. হোসেন আলী ছোট্টসহ নাট্য নিকেতনের সদস্যবৃন্দ এবং বিপুলসংখ্যক সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতা।
আয়োজকরা জানান, মাসব্যাপী এ লোকজ সংস্কৃতি উৎসব ও গ্রামীণ পণ্য প্রদর্শনী মেলার মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি, গ্রামীণ শিল্প ও লোকজ ধারাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পী ও শিল্পীগোষ্ঠীর অংশগ্রহণে নৃত্য, সংগীত, আবৃত্তি ও লোকজ পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে, যা সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে।
সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করার এই আয়োজন স্থানীয় শিল্পী, সংস্কৃতিকর্মী ও দর্শকদের এক মিলনমেলায় পরিণত হয়েছে।