
মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি এলাকায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে স্বপ্নসারথি দলের কিশোরীদের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বিকেল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে কিশোরীদের অংশগ্রহণে বিভিন্ন কার্যক্রম ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রথম পর্বের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে কিশোরীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং তাদের ভবিষ্যৎ উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আহজারুল ইসলাম, বায়োগ্যাস প্রশিক্ষক পলাশ পাল, সাবেক ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য বিলকিস বেগম, কিশোরীদের অভিভাবকবৃন্দ এবং সজাগ দলের সদস্যরা।
অনুষ্ঠানে কিশোরীদের অনুভূতি প্রকাশ, চ্যাম্পিয়ন ও অ্যালামনাই পরিচিতি, সনদপত্র (সার্টিফিকেট) বিতরণসহ বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী কিশোরীরা তাদের শেখার অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে।
পুরো সেশনটি পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার (সেলপ) মো. মাসুদ রানা। এ সময় তাকে সহযোগিতা করেন নূরে জান্নাত।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং তাদের ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানানো হয়।