সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক : সিরাজগঞ্জ সদর উপজেলার আলোচিত মাদক ব্যবসায়ী মঞ্জুর আলম মঞ্জু হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। হত্যাকাণ্ডের ২০ দিন পর গ্রেপ্তার দুই আসামি বুধবার (২৯ অক্টোবর ২০২৫খ্রী:) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে মঞ্জুকে হত্যা করার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার ক্ষুদ্র শিয়ালকোল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ও একই এলাকার নুর উদ্দিন খলিফার ছেলে আলম খান।
নিহত মাদক ব্যবসায়ী মঞ্জুর আলম মঞ্জু (৩৭) ওই উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সরাইচন্ডি গ্রামের ইউনুস আলীর ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ও সিরাজগঞ্জ পিবিআইয়ের পরিদর্শক নজরুল ইসলাম জানান, গত ৮ অক্টোবর সন্ধ্যায় মাদক ব্যবসায়ী মঞ্জু বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন (৯ অক্টোবর) সকালে ক্ষুদ্র শিয়ালকোল গ্রামের শহিদুল ইসলামের বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী কল্পনা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।
প্রথমদিকে সদর থানা পুলিশ তদন্ত করে মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান ওরফে ভূসি মান্নান এবং তার ছেলে ফরহাদ আলীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে মামলাটির তদন্তভার পায় পিবিআই।
পিবিআইয়ের তদন্তে নতুন তথ্যের ভিত্তিতে ২৮ অক্টোবর (মঙ্গলবার) রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর পূর্বপাড়া দিনারগেট এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম ও আলম খানকে গ্রেপ্তার করা হয়।
পরিদর্শক নজরুল ইসলাম আরো জানান, ২৯ অক্টোবর গ্রেপ্তারদের আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তারা জানায়, একই এলাকার সুলতান ও মঞ্জুর মধ্যে মাদক ব্যবসায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
বর্তমানে গ্রেপ্তার চারজন আসামি কারাগারে রয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পিবিআই।






