ছাম্মি আহমেদ আজমীর :
দীর্ঘ ১৯ বছর উত্তরবঙ্গ সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি ঢাকার বাইরে প্রথম সিরাজগঞ্জে আসবেন তিনি। জেলা বিএনপির আয়োজনে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন তিনি। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বিসিক শিল্প পার্ক এলাকায় তারেক রহমানের আগমণ উপলক্ষ্যে দোয়া মাহফিলের স্থান পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ -২ আসনের ধানের শীষ মার্কা মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সহ স্থানীয় বিএনপি নেতা কর্মীরা।
এসময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,তারেক রহমানের উত্তরবঙ্গ আগমণ উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা,নিরাপত্তা ও ব্যবস্থাপনার বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।তিনি বলেন,বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এসময় উপস্থিত ছিলেন,বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।






