মোঃ সেলিম রেজা, রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হক বলেছেন, দেশের মানুষ এখন ন্যায্য অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও কার্যকর গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য পরিবর্তনের অপেক্ষায় রয়েছে।
সোমবার বিকেল ৪টায় রায়গঞ্জ উপজেলার ভূঁয়াগাঁতী গোলচত্বরে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ধানের শীষের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
ভিপি আইনুল হক বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার ছাড়া আইনের শাসন নিশ্চিত করা যায় না। কাগজে-কলমে দেওয়া প্রতিশ্রুতি নয়, বাস্তব ও কার্যকর গণতন্ত্রই পারে দেশের মানুষের কণ্ঠস্বরকে নিরাপদ করতে।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, এসব অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে গণসংযোগ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।
রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় টিমের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এছাড়াও বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, জেলা বিএনপির উপদেষ্টা প্রকৌশলী কামাল হোসেন, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেনিনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।






