ছাম্মি আহামেদ আজমীর :
সিরাজগঞ্জ পৌর শহরের অন্যতম ব্যস্ত একটি সড়ক আজ পরিণত হয়েছে এক নীরব আতঙ্কের কেন্দ্রে। প্রতিদিন জীবনের তাগিদে এখানে চলাচল করেন অসংখ্য মানুষ কেউ ছুটছেন হাসপাতালে কেউবা স্বপ্ন বুকে নিয়ে যাচ্ছেন স্কুল-কলেজে। অথচ সেই গুরুত্বপূর্ণ পথেই লুকিয়ে আছে এক অদৃশ্য মৃত্যুঝুঁকি।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মেইন রোড,সরকারি সালেহা ইসহাক স্কুল এবং ইসলামিয়া সরকারি কলেজ-এর প্রধান সড়কের মাঝামাঝি অংশে দীর্ঘদিন ধরে দুটি ড্রেনের ঢাকনা ভেঙে পড়ে রয়েছে। ছোট একটি সমস্যা মনে হলেও এটি এখন ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকিতে রূপ নিয়েছে।যেকোনো সময় এই ভাঙা স্থানে পড়ে যেতে পারে রিকশা,মোটরসাইকেল কিংবা অসহায় কোনো পথচারী। ইতোমধ্যে ঘটেছে একাধিক দুর্ঘটনা রিকশা গর্তে পড়ে যাত্রী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। কেউ আহত হয়ে কষ্টে বাড়ি ফিরেছেন আবার কেউ আতঙ্ক নিয়েই পথ চলছেন।
বিশেষ করে রাতের অন্ধকার বা বৃষ্টির পানিতে ঢেকে গেলে গর্তগুলো আরও ভয়ংকর হয়ে ওঠে। তখন এটি আর শুধু একটি ভাঙা ড্রেন নয় বরং একটি অদৃশ্য মৃত্যু ফাঁদ।

এবিষয়ে মানবিক ও সচেতন নাগরিক মো: আব্দুর রহিম বলেন,
একটি সমাজ তখনই সুন্দর হয় যখন মানুষের নিরাপত্তা নিশ্চিত থাকে। এই ভাঙা ড্রেন শুধু অবকাঠামোগত সমস্যা নয় এটি আমাদের দায়িত্ববোধের পরীক্ষা। আমরা চাই না আর কোনো দুর্ঘটনা ঘটুক। সিরাজগঞ্জ পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেনো দ্রুত মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যবস্থা নেয়। তিনি আরও বলেন, এলাকাবাসীর একটাই জোর দাবি সিরাজগঞ্জ পৌরসভা যেনো আর দেরি না করে দ্রুত ড্রেনের ভাঙা ঢাকনাগুলো মেরামতের ব্যবস্থা গ্রহণ করে। কারণ একটি ছোট উদ্যোগই পারে বড় বিপদ থেকে মানুষকে রক্ষা করতে এবং নিশ্চিত করতে নিরাপদ পথচলা।






