মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হাট চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ জুন ২০২৬) বিকেল পৌনে ৪টার দিকে গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা এ অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ দোলাল ইসলাম ওরফে দুলাল (৩৬), সে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল গ্রামের মৃত ফয়েজ উদ্দিন শেখের ছেলে এবং একই এলাকার মোসাঃ সানজিদা আক্তার শিমু (১৮), সে মোঃ রিয়াজের স্ত্রী।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জের কাঁনসাট এলাকা থেকে একটি প্রাইভেটকারযোগে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি বিক্রির উদ্দেশ্যে রাজশাহী শহরের দিকে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মোঃ আব্দুস ছালামের নেতৃত্বে এবং প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস. এম. মাকছুদুর রহমানের তত্ত্বাবধানে রাজাবাড়ি হাট চেকপোস্টে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে (ঢাকা মেট্রো-গ-১৯-১৫১৭) একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়িটির ডিকির ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয় এবং গাড়িতে থাকা দুইজনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।






