সোহান সেখ :
বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের (বিপিআরসি) গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) সেল’ গঠন করা হয়েছে। নবগঠিত এ সেলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিলের প্রবাসী পেশাজীবী সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান।
গত ২৫ মে সংগঠনের দপ্তর সম্পাদক কাউছার শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান সুমনের নির্দেশনায় গঠিত এ গবেষণা সেলে সমন্বয়কবৃন্দ হিসেবে রয়েছেন ডা. সাইফুল ইসলাম, ড. ইমরান হোসাইন, ডা. এমদাদুল হাসান, ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, মো. তরিকুল ইসলাম, মোহাম্মদ মাহফুজুর রহমান, মোহাম্মদ মহসীন চৌধুরী এবং সেলিনা রহমান।
রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেলের সমন্বয়ক হিসেবে মনোনীত হওয়ায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোহাম্মদ মাহফুজুর রহমান। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ গবেষণা সংক্রান্ত কমিটিতে আমাকে যুক্ত করায় কেন্দ্রীয় পরিষদের দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা ছাড়া কোনো সংগঠনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। একটি প্রতিষ্ঠানকে প্রগতিশীল, দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তুলতে গবেষণার বিকল্প নেই।
তিনি আরও বলেন, সংগঠনের গবেষণা কার্যক্রমকে শক্তিশালী করতে এবং পেশাজীবীদের অধিকার ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ আরও সমৃদ্ধ ও সুসংগঠিত হবে বলে আমি বিশ্বাস করি।
তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ দীর্ঘজীবী হোক।






