ফটোকার্ড
কালিহাতি (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার শহীদ জামাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও অনলাইন জুয়ার কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী।
আলোচনা সভায় ওসি মো. কাইয়ুম খান সিদ্দিকী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকাসক্তি, ইভটিজিং, কিশোর গ্যাং, অনলাইন জুয়া এবং বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরেন। তিনি বলেন, এসব অপরাধ ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে এসব অপসংস্কৃতি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়া, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জন করা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে শহীদ জামাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সবাই মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।




