সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের চন্দ্রপাড়ার দৃষ্টিপ্রতিবন্ধী যমজ দুই বোন মোছাঃ আফিয়া আক্তার ও মোছাঃ ইভা আক্তার এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন এবং মানবিক বিভাগের রাজশাহী বিভাগের ১ম ও ২য় স্থান অর্জন করেছেন । দুই যমজ বোনই শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী।
শিক্ষার্থী আফিয়া আক্তার বলেন, আমার লেখাপড়ার ক্ষেত্রে চোখের সমস্যাটাই ছিল সবচেয়ে বড় বাধা। বোর্ডে লেখা দেখতে পেতাম না। স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে ভয় লাগতো। অনেক কষ্ট করে পড়ালেখা চালিয়ে গেছি।
অপর যমজ বোন ইভা আক্তার বলেন, স্কুলে যাওয়া, রাস্তা পার হওয়া – সব কিছুতেই সমস্যায় পড়েছি। অনেক কষ্ট করেছি, তবুও থেমে থাকিনি। আমার স্বপ্ন বিসিএস ক্যাডার হবো।
জমজ দুই বোনের বাবা প্রকৌশলী গোলাম আক্তার বলেন, আমার দুই মেয়ে ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে আজকের এই জায়গায় এসেছে। ওদের স্কুলে যাওয়া খুব কষ্টকর ছিলো। আমি বা ওদের মা হাতে ধরে স্কুলে নিয়ে যেতাম। অফিস থেকে ফিরে ক্লান্ত থাকলেও কোচিং থেকে নিয়ে আসতাম। আমি চাই ওরা বিসিএস ক্যাডার দেশের সেবা করুক।
মা মোছাঃ তানিয়া শাবনাজ বলেন, ছোটবেলা থেকেই চোখে সমস্যা ছিলো। ওরা নিজেরা নিজেদের জন্য যেভাবে লড়েছে, সেটা অনেক বড় ব্যাপার। আমি ওদের ফলাফলে অনেক খুশি হয়েছি। দোয়া করি,ওরা যেন সামনে আরও ভালো করে।
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ফারজানা ইয়াসমিন বলেন, দুই বোনই জিপিএ-৫ পেয়েছে এবং ইংরেজিতে ২০০ মার্কস এর মধ্যে দুই বোনই ১৯৫ করে পেয়েছেন । ওরা চোখে কম দেখে, কিন্তু পড়াশোনায় চমৎকার। এভাবেই সাহায্য ও সহযোগিতা পেলে বিসিএসের স্বপ্ন বাস্তবায়ন হবেই ইনশাল্লাহ।






