নাবিউর রহমান চয়ন,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের কাজিপুরে ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর উপজেলা বিএনপি এর আয়োজন করেন।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে আলমপুর চৌরাস্তায় পৌঁছে।
পরে চৌরাস্তা গোলচত্বরে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও পালিয়ে দেশ ত্যাগের বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি সেলিম রেজা।
এ সময় তিনি বলেন, ‘হাসিনা ও তার লীগের আস্তানা আর বাংলাদেশের মাটিতে হবে না। হাসিনার ছলচাতুরি মায়া কান্না মানুষ বুঝে গেছে। বাংলার মানুষ ঐ স্বৈরাচারকে আর চায় না। বাংলাদেশের মাটিতে তার আর ঠাঁই হবে না।’
নির্বাচনের বিষয়ে উপস্থিত জনগণের উদ্দেশ্যে সেলিম রেজা বলেন, ‘অন্তর্বর্তী সরকার সামনের বছরে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। আপনারা প্রস্তুতি নেন। ৫৪ বছরের ইতিহাস পালটে যাবে। এই কাজিপুরের মানুষ বিএনপির এমপি নির্বাচিত করবে, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ওয়াহিদুজ্জামান মিনু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান ও আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।






