মোঃ হোসেন আলী ছোট্ট :
পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে সাপ্তাহিক সমকোণ পত্রিকার সম্পাদক আব্দুল মান্নান টিপুকে সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠ–এর ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সোমবার (৮ জুন ২০২৬) দুপুর ১২টায় ঈশ্বরদী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। প্রেসক্লাবের গঠনতন্ত্রের বিধি অনুযায়ী সাবজেক্ট কমিটির পরামর্শে নতুন এ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি দৈনিক খবরের কাগজ প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন ও দৈনিক সমকাল প্রতিনিধি সেলিম সরদার, সহসাধারণ সম্পাদক দৈনিক বীর বাংলা সম্পাদক ওহেদুজ্জামান টিপু এবং কোষাধ্যক্ষ দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি শহীদুল্লাহ খান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক করতোয়া প্রতিনিধি এস এম ফজলুর রহমান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি স্বপন কুমার কুন্ডু, সাপ্তাহিক জংশন সম্পাদক এস এম রাজা এবং সাপ্তাহিক ঈশ্বরদী বার্তা সম্পাদক আজিজুর রহমান খান।
সাধারণ সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, পেশাগত ঐক্য সুদৃঢ় করা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ঈশ্বরদী প্রেসক্লাবকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নান টিপু বলেন, “প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী অচিরেই ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে।”
সভায় প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন এবং নতুন কমিটির প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান।






