মোঃ হোসেন আলী ছোট্র :
রাজশাহীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ভিপি অমর কৃষ্ণ।
বুধবার (১০ জুন ২০২৬) সকালে রাজশাহী শিক্ষা বোর্ড কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সিরাজগঞ্জের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। সাক্ষাৎকালে শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

এ সময় ভিপি অমর কৃষ্ণ বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “শিক্ষা শুধু একজন ব্যক্তির নয়, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি। তাই শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলের আন্তরিক সহযোগিতা অপরিহার্য।”
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. রুহুল আখতার সোহেল, জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আবু হাসিম তালুকদার এবং সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আমার সিরাজগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক মো. তানভীর শাকিল।

সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শিক্ষা ও সমাজ উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় শিক্ষা খাতের উন্নয়নে রাজশাহী শিক্ষা বোর্ডের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে শিক্ষাবান্ধব উদ্যোগ বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রতিনিধি দলের সদস্যরা আশা প্রকাশ করেন, শিক্ষা উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের ইতিবাচক যোগাযোগ ও সমন্বয় ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।






