ফটোকার্ড
মোঃ হোসেন আলী ছোট্ট :
“আমাদের অঙ্গীকার, একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে মাদকবিরোধী সেমিনার, কুইজ, আবৃত্তি, প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ পৌর শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশের আয়োজনে এ সেমিনার ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশের সভাপতি ও অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক মোঃ সাইদুর রহমান বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম শাহীন। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম, সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা সালমা হোসেন, জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আবু হাসেম তালুকদার এবং হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহেল অফি।

বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর কারণে ব্যক্তি, পরিবার ও সমাজ মারাত্মক ক্ষতির মুখে পড়ে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে কুইজ, আবৃত্তি, প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মাদকবিরোধী বিভিন্ন বার্তা তুলে ধরে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।




