ফটোকার্ড
ইছাহাক হোসেন, এনায়েতপুর চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের রহমতখোলা গ্রামের খুকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির দুই শিক্ষার্থী আফসার (৯), পিতা: খোরশেদ আলম এবং মো. আব্দুল্লাহ আলী (১০), পিতা: মো. শামিম নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের দ্রুত সন্ধান ও উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) সকাল ১০টায় খুকনী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, এবং স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, গত ১১ জুন ২০২৬, বুধবার সকাল প্রায় ১২টার দিকে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘ ১০ দিন পার হলেও তাদের খোঁজ না মেলায় পরিবার, স্বজন এবং এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
বক্তারা বলেন, দুই শিশুর নিরাপদে ফিরে আসার অপেক্ষায় তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। কেউ তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে নিকটস্থ থানা অথবা তাদের পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।





