ফটোকার্ড
মো. সোহান সেখ :
সিরাজগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সয়াধানগড়া এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী সচেতনতামূলক অভিযান শুরু করেছে স্থানীয় যুব সমাজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী নূর কায়েম সবুজের সার্বিক দিকনির্দেশনায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টার দিকে সয়াধানগড়া এলাকায় স্থানীয় যুবকরা এ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর থেকে পর্যায়ক্রমে এলাকায় মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। সর্বশেষ শুক্রবার (২৬ জুন) রাত ১১টার দিকে সয়াধানগড়া খানপাড়া এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি, তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিতকরণ এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, ‘মাদক ছুঁই না, মাদক সেবন না, মাদক বিক্রি না, মাদক সহ্য না’ এই চারটি অঙ্গীকারকে সামনে রেখে ধারাবাহিকভাবে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা হবে। এলাকার তরুণদের সম্পৃক্ত করে সচেতনতামূলক প্রচারণা, উঠান বৈঠক এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তোলা হবে।
এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন নির্জনা পরিবহনের পরিচালক শেখ কামালসহ সয়াধানগড়া এলাকার যুব সমাজের নেতৃবৃন্দ।
সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফার অন্যতম লক্ষ্য একটি মানবিক, সুস্থ ও নিরাপদ সমাজ গঠন। সেই লক্ষ্য বাস্তবায়নে যুব সমাজকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। মাদকমুক্ত, সবুজ ও সুন্দর সিরাজগঞ্জ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।





